৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে র‍্যাব অফিসে এএসপির আত্মহত্যা, চিরকুটে পরিবারকে উদ্দেশ্য করে লিখেছেন দায়মুক্তির কথা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় র‍্যাব-৭ ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা নিজের অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৭ মে) সকাল ১১টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ তার অফিস কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়, যেখানে তিনি লিখে গেছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন।

চিরকুটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কোঅরডিনেট করে।”

প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, পলাশ সাহার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এএসপি পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি এর আগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন এবং সর্বশেষ র‍্যাব-৭-এ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top