নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের হিলির ঘাসুড়িয়া সীমান্ত এলাকার একটি ধানক্ষেত থেকে একটি সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ভারতীয় ড্রোন হতে পারে।
বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্ত সংলগ্ন ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি ধানক্ষেত থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যায় স্থানীয় কৃষক প্রফুল্ল টপ্প ধানক্ষেতে কাজ করার সময় ড্রোনটি পড়ে থাকতে দেখেন এবং তা বাড়িতে নিয়ে যান।
পরবর্তীতে তিনি পুলিশকে বিষয়টি অবহিত করলে রাত ৯টার দিকে পুলিশ ও বিজিবির একটি টহল দল তার বাড়িতে যায়। হাকিমপুর থানার এসআই সুজা মিয়া ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ওসি আরও বলেন, “সীমান্ত এলাকার ধানক্ষেত থেকে ড্রোনটি উদ্ধারের ঘটনায় আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। এটি কোথা থেকে এসেছে এবং কে বা কারা উড়িয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, সীমান্ত এলাকায় এ ধরনের ড্রোনের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকেও সতর্ক নজরদারি জোরদার করা হয়েছে।