২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার আদেশের জন্য দিন ধার্য করলেও এদিন পুনরায় শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। ইশরাক হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সহকারী হিসেবে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

এর আগে গত ১৪ মে ঢাকার দক্ষিণ সিটির বাসিন্দা মো. মামুনুর রশিদ হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে নির্দেশনা চাওয়ার পাশাপাশি, তাকে মেয়র ঘোষণা করায় নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন এবং বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বড় ব্যবধানে পরাজিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন তাকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

শপথের দাবিতে গত কয়েকদিন ধরে নগর ভবনের সামনে আন্দোলনে রয়েছে ইশরাক হোসেনের সমর্থকরা। বুধবারও কাকরাইল, মৎস্য ভবন ও সচিবালয় এলাকাজুড়ে তাদের অবস্থান দেখা গেছে। তারা দ্রুত শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণের দাবি জানিয়ে আসছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top