মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে নীলফামারী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় কোরআন খতম, বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) নীলফামারী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি ও এনডিসি সায়ীদ মুহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ মাসুদ রানা এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক।

আলোচনা সভায় “জুলাই বিপ্লবে আলেম ওলামার ভূমিকা” শীর্ষক বক্তব্যে উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আলেম সমাজ ও মাদরাসার ছাত্রদের সাহসী অংশগ্রহণ ছিল ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আগামী দিনেও ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও জানান, জেলার প্রতিটি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে একযোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় পরিচালিত প্রাক-প্রাথমিক, সহজ কোরআন ও বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলোতেও শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।
এছাড়াও জেলার সকল মসজিদে একইসাথে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়ে জাতির জন্য কল্যাণ কামনা করেন।