নিজস্ব প্রতিনিধি:
সরকার পলাতক অবস্থায় থাকা ৪০ পুলিশ কর্মকর্তার পদক ও সম্মাননা প্রত্যাহার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। তালিকায় রয়েছে বিতর্কিত পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এবং অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারের নাম।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে এরা পলাতক রয়েছেন। হারুন অর রশীদের ২০১২ ও ২০১৩ সালের পিপিএম-সেবা এবং ২০১৫ ও ২০১৬ সালের বিপিএম-সেবা পদক প্রত্যাহার করা হয়েছে। এর আগে তার ২০১৮ সালে প্রাপ্ত পুলিশ পদকও প্রত্যাহার করা হয়েছিল।
অন্যদিকে বিপ্লব কুমার সরকারের ২০১৩ সালের পিপিএম-সেবা এবং ২০১৫ ও ২০১৮ সালের বিপিএম-সেবা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে এ সকল কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। সরকার পতনের পর থেকেই তারা আইনের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।