সাবেক আইজিপি বেনজীর আহমেদের এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে এবং তারা যদি অপরাধী হন তাহলে সরকার ছাড় দেবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোনো অপরাধী পার পাবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজিজ, বেনজীর ইস্যুতে সরকার বিব্রত নয়। কারণ সরকারের বিচার করার সৎ সাহস আছে। সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাবার সুযোগ দেয়নি। দুর্নীতির ব্যাপারে সরকারপ্রধান আপসহীন।
মঙ্গলবার (মে ২৮) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখন তদন্ত হচ্ছে এবং আরও তদন্ত হবে- এ কথা দুদক সূত্রে জানা গেছে। তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে।
যিনি সেনাবাহিনীর প্রধান, তিনিও যদি অপরাধী হোন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে।