স্থানীয় কাউন্সিলরের ছেলে পরাগ আলম (২৫) রাতে চরনিখলা উচ্চ বিদ্যালয়ের ফটকের সামনে বিদেশি মদ বিক্রি করছিলেন । খবর পেয়ে পুলিশ ১৮ বোতল মদসহ তাকে আটক করে। পরাগ আলম পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ছেলে।
গত সোমবার রাত ১২টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। মামলার পর গতকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পৌর শহরের ওই বিদ্যালয়ের সামনে বিদেশি মদ ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবরের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক আক্তারুজ্জামান ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় টের পেয়ে দৌড়ে পালানোর সময় মো. খালেদ বিন পরাগ ওরফে পরাগ আলমকে আটক করা হয়। তার কাছ থেকে ১৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
পরাগ দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকায় বিদেশি মদ ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান জানান, আটকের পর মাদক ব্যবসায়ী পরাগকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।