নীলফামারীতে শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী কর্মশালা শুরু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে শিশুদের অংশগ্রহণে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার শহরের নটখানা ডেনিস বাংলাদেশ লেপ্রিস মিশন মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর সহযোগিতায় শিশুদের মধ্যে সচেতনতা, সৃজনশীলতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারণা গড়ে তুলতে কর্মশালার আয়োজন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশুতোষ প্ল্যাটফর্ম ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’। এতে জেলার ২০ জন শিশু অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, শিশু সাংবাদিকতায় যুক্ত হতে হলে পড়ালেখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সমাজের ইতিবাচক ও সচেতনতামূলক বিষয়গুলো তুলে ধরতে শিশুদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শিশুদের দৃষ্টিভঙ্গিতে সমাজের সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতা তুলে ধরলে তা ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ও নীলফামারী জেলা কো-অর্ডিনেটর ইনজামাম-উল-হক নির্ণয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, সহ-সভাপতি ভূবন রায় নিখিল, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন এবং সাবেক সভাপতি তাহমিন হক ববী।

বক্তারা শিশু সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে দেশের গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।

দুই দিনব্যাপী এই কর্মশালায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী ফিচার সম্পাদক হাসান বিপুল প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি শিশুদের সংবাদ লেখার প্রাথমিক কৌশল, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, ছবি ও ভিডিও ব্যবহারের পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছেন।

প্রথম দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিশুরা জানায়, সাংবাদিকতা শুধু খবর লেখা নয়, বরং সত্য তুলে ধরা এবং সমাজের সমস্যা ও সম্ভাবনাকে মানুষের সামনে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কর্মশালা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top