নিজস্ব প্রতিনিধি:
দেশব্যাপী মোবাইল ব্যবসায়ীদের টানা আন্দোলনের মুখে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারে সম্মতি জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রোববার (৭ ডিসেম্বর) রাতে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসের ভিত্তিতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) চলমান অবরোধ ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেয়। জানা গেছে, এনইআইআর–সংক্রান্ত জটিলতা নিরসনে অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বিটিআরসিতে যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান না মিললে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং প্রয়োজনে অনলাইন–অফলাইনে সব ধরনের মোবাইল বিক্রি বন্ধ করা হবে। এর আগে রোববার সকাল থেকে শত শত ব্যবসায়ী বিটিআরসি ঘেরাও করে অবস্থান নিলে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু হওয়ার কথা, যা নিবন্ধনবিহীন, চুরি বা অনুমোদনহীন মোবাইল নেটওয়ার্কে ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করবে—এ কারণে শুরু থেকেই ব্যবসায়ীরা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে আসছেন।