নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখারুল জাহান রোহান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার পর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে নীলফামারী–সৈয়দপুর সড়কের দারোয়ানী এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোহান গুরুতর আহত হয়। নিহত রোহান সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে দারোয়ানী বাজারের দিকে যাচ্ছিল রোহান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বিষয়টি তদন্তে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top