১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: সিইসি নাসির উদ্দিন

নিজস্ব প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি সবাইকে দুশ্চিন্তা ঝেড়ে ফেলার আহ্বান জানান।

সোমবার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোথায়? মাঝে মাঝে দুই-একটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করি।”

তিনি বলেন, বাংলাদেশে অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, এ ধরনের ঘটনা নতুন নয়। “আগেও আহসানউল্লাহ মাস্টারের সঙ্গে এমন হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা আগে থেকেই ছিল,” বলেন তিনি।

নির্বাচন নিয়ে শঙ্কা প্রসঙ্গে সিইসি বলেন, ঐতিহাসিক এই নির্বাচনকে ঘিরে মিডিয়াসহ বিভিন্ন মহলে কিছু আশঙ্কা থাকতে পারে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সংশয় নেই। তিনি বলেন, “আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই—নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতায়।”

সিইসি আরও বলেন, “আপনাদের মাথায় যত ধরনের দুশ্চিন্তাই আসুক না কেন, আমি অনুরোধ করব সেই দুশ্চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। আমরা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি, যাতে দেশবাসীকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top