নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন সম্পূর্ণভাবে বৈধ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি নিশ্চিত করতে আইন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক প্রেক্ষাপটে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে এ ধরনের আইন প্রণয়ন সংবিধান ও আইনের পরিধির মধ্যেই পড়ে।
আইন উপদেষ্টার এই বক্তব্যের পর রাজনৈতিক ও আইন অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল।
অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (গণ-অভ্যুত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল। এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।