বগুড়া নন্দীগ্রামে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই এসএসসি শিক্ষার্থীর

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পরীক্ষার্থী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার ২নং সদর ইউনিয়নের নামুইট–সিমলা সড়কে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের রতন আলীর ছেলে নেহাল (১৭) এবং নাটোরের বাগাতিপাড়া আব্দুল্লাপুর গ্রামের লিটন আলীর ছেলে লিমন (১৭)। তারা দুজনই নন্দীগ্রাম মা-কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নেহালের পরিবারের বাড়ি নাটোরে হলেও ছোটবেলা থেকেই তিনি নন্দীগ্রামে নানার বাড়িতে বসবাস করে পড়াশোনা করছিলেন। আগামী ২৯ জানুয়ারি তাদের বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই প্রস্তুতির কাজ শেষ করে মোটরসাইকেলে করে দুজন বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে নামুইট–সিমলা সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছালে কালিগঞ্জ দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে এ ঘটনায় ঘাতক ট্রাক চালক এখনো পলাতক রয়েছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই দুর্ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অকালেই ঝরে যাওয়া দুই তরুণের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে চলছে শোক আর কান্না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top