মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি–২৯৮ আসনের মনোনীত প্রার্থী মাওলানা কাউসার আজিজি।
সোমবার সকাল ১১টা থেকে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা কাউসার আজিজির নেতৃত্বে এ গণসংযোগ কার্যক্রম শুরু হয়। দীঘিনালা উপজেলার জামতলী বাঙালীপাড়া এলাকা থেকে প্রচারণা শুরু হয়ে দীঘিনালা থানা বাজার, লালমা স্কয়ার, বোয়ালখালী বাজার, বেতছড়ি বাজার প্রদক্ষিণ করে ১ নম্বর মেরুং ইউনিয়নে গিয়ে শেষ হয়।
গণসংযোগকালে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ সময় মাওলানা কাউসার আজিজি বলেন, “দেশে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চাইলে হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় গেলে ইনশাআল্লাহ দেশে চাঁদাবাজি, চুরি ও দুর্নীতির অবসান ঘটবে। একই সঙ্গে মা-বোনেরা নিরাপদ ও স্বাধীনভাবে চলাচল করতে পারবে।”
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।