৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নরসিংদী-৪ আসন চষে বেড়াচ্ছেন জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি:

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরালো হয়ে উঠছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম প্রতিদিনই গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন।

গত কয়েক সপ্তাহ ধরে তিনি মনোহরদী ও বেলাবো উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন। বাজার, হাট, মসজিদ প্রাঙ্গণ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রাম্য চায়ের দোকানে বসে স্থানীয় জনগণের সমস্যা, প্রত্যাশা ও অভিযোগ মনোযোগ দিয়ে শুনছেন তিনি। অনেক জায়গায় স্বতঃস্ফূর্তভাবে স্থানীয়রা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

গণসংযোগকালে মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। নরসিংদী-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও বৈষম্যের শিকার। ইনশাআল্লাহ জনগণ যদি আমাকে দায়িত্ব দেয়, আমি সংসদে এই এলাকার কণ্ঠস্বর হয়ে কথা বলব।

স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে রাস্তার বেহাল দশা, মাদক বিস্তার, তরুণদের কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানহীনতার মতো নানামুখী সমস্যা। এসব বিষয়ে তিনি বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন এবং বলেন, জনপ্রতিনিধি হিসেবে প্রথম কাজ হবে জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা।

নির্বাচনী প্রচারণায় তিনি বিশেষভাবে ইসলামী মূল্যবোধ, নৈতিক রাজনীতি ও সামাজিক শুদ্ধতার ওপর জোর দিচ্ছেন। তার বক্তব্যে বারবার উঠে আসছে চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাদক নির্মূল, তরুণদের নৈতিক ও কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং প্রবাসীদের নিরাপত্তা ও পরিবারের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি।

মনোহরদী উপজেলার একাধিক ইউনিয়নের বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এমন একজন প্রার্থী পেয়েছেন যিনি সাধারণ মানুষের ঘরে বসে কথা বলছেন এবং সমস্যার কথা গুরুত্ব দিয়ে শুনছেন। বেলাবো উপজেলার ব্যবসায়ী শাহিন মিয়া বলেন, তিনি অন্যদের মতো শুধু ভোট চাইতে আসেননি, আমাদের কথা শুনেছেন। এটাই বড় বিষয়।

দলীয় সূত্র জানায়, সামনে আরও ব্যাপক গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভার পরিকল্পনা রয়েছে। প্রবাসী ভোটারদের সঙ্গেও অনলাইন মাধ্যমে যোগাযোগ জোরদার করা হচ্ছে। সব মিলিয়ে নরসিংদী-৪ আসনে মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমের সরব উপস্থিতি ও ধারাবাহিক মাঠপর্যায়ের তৎপরতা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক ব্যক্তিরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top