মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা জোনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে দীঘিনালা জোন সদরে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ। এছাড়াও দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন, কোয়ার্টার মাস্টার শেখ সাব্বির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, ঢেউটিন এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা প্রদানকালে জোন কমান্ডার উপস্থিত উপকারভোগীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে বক্তব্যে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সকল সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রেখে সেনাবাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক ও কল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।