সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা শেষে আলাউদ্দিন নামের এক জামায়াতে ইসলামী কর্মী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলায় তিনি গুরুতর আহত হন। একইসঙ্গে তার বসতবাড়িতে লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাটি ঘটে নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী আলাউদ্দিন নশরতপুর ইউনিয়ন যুবদল নেতা রুবেল, সেতু ও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বগুড়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহেরের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ শেষে নশরতপুর বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে বসে ছিলেন আলাউদ্দিন। এ সময় মোবাইল ফোনে তার স্ত্রী তাকে জানান, কয়েকজন ব্যক্তি তাদের বাড়ির দেয়াল ঘেঁষে সন্দেহজনকভাবে বসে আছে।
স্ত্রীর ফোন পেয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আলাউদ্দিন। বাড়ির বাহিরের গেটের কাছে পৌঁছামাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে ধাক্কা দিয়ে বাড়ির দক্ষিণ পাশের ফাঁকা জমিতে ফেলে দেয়। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে হত্যার উদ্দেশ্যে বাড়ির সামনে খোলিয়ানে থাকা গাছের ডাল ভেঙে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। হামলার একপর্যায়ে অভিযুক্ত রুবেল ও সেতু ঘটনাস্থলে উপস্থিত হলে ভুক্তভোগী ও তার স্ত্রী তাদের স্পষ্টভাবে চিনতে পারেন।
এ সময় রুবেল, সেতুকে উদ্দেশ করে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন “শালাকে মেরে শেষ করে দে” এই সুযোগে অজ্ঞাতনামা আরও কয়েকজন হামলাকারী ভুক্তভোগীর বসতবাড়ির শয়নকক্ষে প্রবেশ করে তার স্ত্রীর ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ড্রয়ারে রাখা নগদ ২০ হাজার টাকা চুরি করে নেয়। পরবর্তীতে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।