জামায়াত কোন ইসলামি দল নয় ঝালকাঠিতে চরমোনাই পীর

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেন।

চরমোনাই পীর বলেন, “আমরা নির্বাচনী ইশতেহারে শরীয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনার কথা স্পষ্টভাবে বলেছি, কিন্তু জামায়াত কোথাও ইসলামের কথা বলেনি। যারা জামায়াতকে ইসলামী দল বলে, তারা বোকার স্বর্গে বাস করছে।” তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ইসলামী দলগুলোর ঐক্যের প্রচেষ্টায় জামায়াত বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তারা দেশপ্রেমের চেয়ে ক্ষমতার রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি বলেন, বিগত ৫৪ বছরে দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ‘বেগম পাড়া’ গড়ে তোলা হয়েছে। তিনি দেশকে আলেম-ওলামা ও দেশপ্রেমিকদের পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী ও মাওলানা ইব্রাহিম আল হাদীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top