মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা থেকে প্রকাশিত অভিযোগে বলা হয়েছে, ধানের শীষ প্রতীকযুক্ত রাজনৈতিক দলের নারী প্রচারক কর্মীদের উপর গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট নারীদের মানসিক চাপ সৃষ্টির মাধ্যমে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখা এবং নিরাপত্তাহীন পরিবেশে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
নীলফামারী শহরের নীলসাগর গ্রুপের পরিবহন বিভাগের কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় অনুষ্টিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ উত্থাপন করা হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে নীলফামারী উন্নয়ন মঞ্চ, যেখানে মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন লিখিত বক্তব্যের মাধ্যমে পরিস্থিতি তুলে ধরেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের বেলতলি বাজার এলাকায় উন্নয়ন মঞ্চের ৯-১০ জন নারী কর্মী নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে যান।
এ সময় স্থানীয় কিছু জামায়াত শিবিরের নেতা-কর্মীরা তাদের ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রচারণা বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করেন।
উন্নয়ন মঞ্চের নারী সমন্বয়কারী শারমিন আকতার এলিন বলেন, “আমাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। তাৎক্ষনিকভাবে আমরা সরে আসি এবং পরে জানতে পারি যে, যারা বাধা দিচ্ছিলেন তারা জামায়াত শিবিরের স্থানীয় নেতা-কর্মী।”
মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন অভিযোগ করেন, এই ধরনের কর্মকাণ্ড নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে চিহ্নিত। তিনি বলেন, “আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশা করি যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তবে জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, “এই ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের প্রার্থীর জনপ্রিয়তা দেখে এমন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত নেবে।”