মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
রাজধানী ঢাকায় ইনকিলাব মঞ্চের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে আয়োজিত কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা’র দিকে মিছিল অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। নিরাপত্তাজনিত কারণে পূর্ব থেকেই ওই এলাকায় সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ,টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও ওয়াটার ক্যানন ব্যবহার করে।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। তবে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে গুলি চালানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা মুরাদনগরের জোলাই যোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন,এ ধরনের বর্বর হামলা গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করে এবং ন্যায়বিচারের দাবিকে দমন করার শামিল। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত।”
ঘটনার পর শাহবাগসহ বিভিন্ন এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দেশের বিভিন্ন জেলায়ও সংগঠনের সমর্থকদের পক্ষ থেকে প্রতিবাদ অব্যাহত রয়েছে।