মনির হোসেন, সখিপুর উপজেলা প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কচুয়া প্রিমিয়ারলীগ (কেপিএল) এর ১২তম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এই ফাইনালে পূর্বপাড়া রয়েলসকে পরাজিত করে ঐতিহ্যবাহী অরণ্য যুব সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় সিরাজগঞ্জের ক্রিকেটার আরিফ দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে ২৪৯ রান সংগ্রহ করেন এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য রেজাউল করিম রিজন ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এছাড়া সর্বোচ্চ উইকেট শিকার করে রায়হান আহমেদ সেরা বোলারের স্বীকৃতি পান।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট আহমেদ আযম খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ শেখ মোহাম্মদ শফি শাওন। এছাড়া উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক লায়ন আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান বিজয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২তম আসর সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করেন আরিফ আহমেদ, মিজান আল নুর, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম রক শাওন, নাইম সিকদার, আরিফ মাহমুদ, আরেফিন তানভীরসহ আরও অনেকে। আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি এস এম খোকন সিকদার বলেন, “কচুয়া প্রিমিয়ারলীগ কচুয়াবাসীর আবেগের জায়গা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ১২তম আসর সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতেও কচুয়াকে খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষায় এগিয়ে নিতে আমরা কাজ করে যাব।”
উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হওয়া এই আয়োজন কচুয়ার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।