৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার ও সাধারণ আনসার বা ভিডিপির মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। তবে এদের বাইরে অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন বহন করতে পারবেন না।

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে—৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। আজ সন্ধ্যার মধ্যে এই বিধিবিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।”

তিনি আরও বলেন, “ইলেকশন কমিশন যদি পক্ষপাতিত্ব করে, তাহলে ফ্যাসিস্ট আমলের ইসি যে পরিণতির মুখে পড়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।”

নির্বাচনী প্রচারে গণমাধ্যমের ভূমিকা নিয়েও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “আমরা দেখছি, অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করছে, কিন্তু অন্যদের বিজ্ঞাপন নিচ্ছে না।”

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “এমন আচরণ দেখে মনে হচ্ছে, তাদের কেউ বাধ্য করছে। আর যদি বাধ্য না করে থাকে, তাহলে ধরে নিতে হবে তারা নিজেরাই দালালি করছে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এবারের নির্বাচনে যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা হয়, তাহলে তা প্রতিহত করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top