মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
তিনি তার বক্তব্যে বলেন, “আমি নির্বাচিত হলে আমার পরিবার বা পরিজন কোনো ধরনের অনৈতিক কাজ, তদবির বা নিয়োগ বানিজ্যে জড়িত হবে না। ঘুষ ও দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।”
এছাড়া, তিনি আরো বলেন, “ইমাম-মোয়াজ্জিনদের কল্যাণে স্ট্রাস্ট গঠন করা হবে এবং কারো অন্যায় বা হুমকিতে আমরা স্তব্দ থাকবো না। নির্বাচিত হলে সবাইকে সমঅধিকার দেওয়া হবে।” আব্দুল হাকিম তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো চাঁদাবাজি বা অন্যায় শাসনের সঙ্গে যুক্ত থাকার কোনো রেকর্ড নেই বলেও জানান। তিনি গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় সার্বিক উন্নয়ন সাধনের প্রতিশ্রুতি দেন।
এই নির্বাচনী পথসভায় জামায়াতে ইসলামী নাটোর জেলার শাখা সেক্রেটারি সাদেকুর রহমান, নাটোর ৪ আসনের নির্বাচন পরিচালক, এনসিপির উপজেলা সভাপতি তাইজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম, সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারি এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে মাগরিবের আজান শুরু হলে, আব্দুল হাকিমের নেতৃত্বে উপস্থিত কর্মী-সমর্থকরা মাঠেই মাগরিবের নামাজ আদায় করেন।
এদিকে, জামায়াতের এই গণমিছিল ও পথসভা বিশাল জনসমাগমের মধ্যে দিয়ে নাটোর-৪ আসনের নির্বাচনী মাঠে আরও এক নতুন মাত্রা যোগ করেছে।