৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচন ঘিরে এমএফএসে কড়াকড়ি: ক্যাশ-ইন–ক্যাশ-আউট বন্ধ, সেন্ড মানিতে সীমা

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনা সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে এবং চলবে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফলে টানা ৯৬ ঘণ্টা এমএফএসের কিছু গুরুত্বপূর্ণ সেবা সাময়িকভাবে সীমিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে অবৈধ অর্থের ব্যবহার ও প্রভাব ঠেকাতে সব ধরনের পারসোনাল এমএফএস অ্যাকাউন্টে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এ সময় গ্রাহকেরা কোনো এজেন্ট পয়েন্ট থেকে টাকা জমা দিতে বা নগদ উত্তোলন করতে পারবেন না। এর ফলে বিকাশ, নগদ ও রকেটসহ অন্যান্য এমএফএস অ্যাপে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট অপশন নিষ্ক্রিয় থাকবে।

তবে জরুরি প্রয়োজনে এক গ্রাহক থেকে আরেক গ্রাহকের কাছে ‘সেন্ড মানি’ করা যাবে, যদিও এতে কঠোর সীমা নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে। অর্থাৎ, দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকার বেশি সেন্ড মানি করা যাবে না।

সাধারণ মানুষের ভোগান্তি কমাতে মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ (বিদ্যুৎ, গ্যাস, পানি) এবং কেনাকাটার পেমেন্ট আগের মতোই স্বাভাবিক রাখা হয়েছে। এসব ক্ষেত্রে কোনো নতুন সীমা বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ফি প্রদান এবং বিভিন্ন সরকারি জরুরি সেবার ফি পরিশোধও নিয়মিতভাবে চালু থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে ভোট কেনাবেচা বা নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের ব্যবহার ঠেকাতেই কেন্দ্রীয় ব্যাংক এই সাময়িক কড়াকড়ি আরোপ করেছে। ১২ ফেব্রুয়ারি মধ্যরাতের পর থেকে সব ধরনের এমএফএস সেবা পুনরায় আগের মতো পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে জানানো হয়েছে। এদিকে সাময়িক অসুবিধার জন্য বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top