রমজানে বাজারে কঠোর নজরদারি খোকসায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

নুরুল আলম, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে যেন অস্থিরতা তৈরি না হয় এবং সাধারণ ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারেন—সে লক্ষ্যে খোকসা পৌর বাজার-এ আকস্মিক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় চারটি পৃথক মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: তাসমিন জাহান। বাজারের বিভিন্ন অংশ ঘুরে মূল্যতালিকা, পণ্যের বিক্রয়মূল্য, খাদ্যের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ সরেজমিনে পরিদর্শন করা হয়।
তদারকির সময় এক হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ফলের দোকানে অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে আরেক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কাঁচাবাজারে নির্ধারিত বিধি অনুসরণ না করায় দুই ব্যবসায়ীকে যথাক্রমে ১ হাজার ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রমজান উপলক্ষে কোনো অসাধু ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি করতে না পারে, সেজন্য বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।
প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top