মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খোকসায় বিনম্র শ্রদ্ধা 

নুর আলম, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কুষ্টিয়ার খোকসায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে খোকসা মুক্তিযোদ্ধা সংসদের শহীদ বেদি ও খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে একে একে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ প্রশাসন, খোকসা উপজেলা বিএনপি, খোকসা পৌর বিএনপি, উপজেলা ছাত্রদল, উপজেলা যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
রাত গভীর হলেও শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। সর্বস্তরের মানুষ খালি পায়ে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করেন। অনেকেই হাতে প্রজ্জ্বলিত মোমবাতি নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে গানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত শহীদ নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের এই আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা আজ রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে এবং বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top