মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় সরকার প্রকৌশলীর প্রতিনিধির উপস্থিতিতে রাস্তা সংস্কার কাজে ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার করেছেন বলে অভিযোগ স্থানীয় জনসাধারণের। এ কাজে নিম্নমানের পুরান ইট দিয়ে রাস্তা সংস্কারের কাজ করতে থাকলে স্থানীয়দের চাপের মুখে নির্মাণ কাজ বন্ধ করে দেন পাংশা উপজেলা প্রকৌশলী।
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলিমহর বাজার এলাকায় রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করা হয়।
এ সময় নিম্নমানের পুরান ইট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন উপজেলা প্রকৌশলী।
উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়, ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূর্ণবাসন শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত ৩ হাজার ১ শত মিটার রাস্তা সংস্কার কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় ২ কোটি ৪৯ লক্ষ ৩৪ হাজার ৯৬৭ টাকা ১০ পয়সা। সড়কটি পুনর্নির্মাণের জন্য ঠিকাদার হিসেবে নিয়োগ পান রাজশাহী বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে পাংশার সরদার এন্টারপ্রাইজের মালিক মোঃ মোতাহার সরদার এই সড়কের কাজের সাব-ঠিকাদার হিসেবে নিয়োগ পান।
স্থানীয়রা জানান, শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের পুরাতন ইট দিয়ে কাজ করে আসছে।বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশলীর প্রতিনিধির কাছে একাধিক বার জানানো হলেও তিনি বিষয়টি অবহেলার সাথে এড়িয়ে যান। বাধ্য হয়ে কাজে বাধা দেয় স্থানীয়জনসাধারণ। একপর্যায়ে স্থানীয়দের চাপের মুখে কাজ বন্ধ করে দেন উপজেলা প্রকৌশলী।
উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল জানান, “অনিয়মের বিষয়টি জানতে পেরে সরেজমিনে এসে তার সত্যতা পেয়েছি। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নিম্নমানের পুরাতন ইট ঠিকাদারকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”