বগুড়ায় কলা বাগান থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের হরিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন মিয়া ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রতন মিয়া নিখোঁজ ছিলেন।

শুক্রবার সকালে কয়েকজন কৃষক হরিতলা গ্রামের একটি কলা বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় বিকেলে নিহতের স্ত্রী কোহিনুর আক্তার রিমা বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গাবতলী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, রতনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তবে তার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং মুখ থেকে কিছুটা জিহ্বা বের হয়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top