নিজস্ব প্রতিনিধি:
ইরানে সাম্প্রতিক হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে কেসিএনএ জানায়, মার্কিন ও ইসরাইলি হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ‘প্রত্যাশিত’ ছিল এবং এটি তাদের ‘আধিপত্যবাদী’ নীতির বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসী যুদ্ধ’ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। উত্তর কোরিয়ার অবস্থান অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি এ ঘটনাকে ‘মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেন।
আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশ ও জোটের অবস্থান পরিস্থিতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।