মনোহরদীতে নদীর জমি থেকে অবৈধ বালু উত্তোলন: ট্রলি ও ব্যাটারি জব্দ

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলায় নদীর জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৪টি ট্রলি ও ৫টি ব্যাটারি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার লেবুতলা ইউনিয়নের ভূইয়া বাজার সংলগ্ন নদীর জমিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মনোহরদী উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় নদীর জমি ও আশপাশের কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে করে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমি ক্ষতির মুখে পড়ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসন।

অভিযান চলাকালে ঘটনাস্থলে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ট্রলি ও ৫টি ব্যাটারি জব্দ করা হয়। তবে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান শেষে জব্দকৃত ট্রলি ও ব্যাটারি জিম্মায় নেওয়া হয় বলে জানা গেছে।

মনোহরদী উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ সজিব মিয়া জানান, নদী ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, যারা নদীর জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top