মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে চার শিশুর মধ্যে দুইজন নিখোঁজ এবং দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (০৭ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের গড়াই নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানপুর গ্রামের চার শিশু গড়াই নদীর ঘাটে গোসল করতে যায়। এ সময় নদীর পানিতে নেমে তারা বিপদে পড়লে দুই শিশু নিখোঁজ হয়ে যায়। নিখোঁজরা হলো— মোছা. তাইবা খাতুন (৮), পিতা ফারুক হোসেন এবং সুরাইয়া খাতুন (৮), পিতা সোহেল। তারা উভয়েই ওসমানপুর গ্রামের বাসিন্দা।
এদিকে একই ঘটনায় ঘাটের মাঝি আব্দুর রশিদ (৫৫), পিতা মৃত ইন্তাজ আলী, গ্রাম ওসমানপুর, তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপিয়ে পড়ে দুই শিশুকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া শিশুরা হলো সুমাইয়া খাতুন (১০), পিতা তুহিন এবং সামিয়া (৯), পিতা সোহেল। তাদের বাড়িও একই গ্রামের।
ঘটনার পর স্থানীয়রা নদীর আশপাশ এলাকায় নিখোঁজ দুই শিশুর খোঁজে তল্লাশি শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা যায়।