চরভদ্রাসন সদর ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার হিড়িক, নীরব প্রশাসন

সাজ্জাদ হোসেন সাজু,  ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার হিড়িক পড়েছে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র কৃষিজমি ও রাস্তার পাশ থেকে মাটি কেটে বিক্রি করলেও এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে রাতদিন সমানতালে চলছে মাটি কাটা। শক্তিশালী একদল ব্যবসায়ী এক্সকাভেটর ও ট্রাক্টর ব্যবহার করে কৃষিজমি থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে করে উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে এবং অনেক স্থানে জমি গভীর খাদে পরিণত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে মাটি কাটার ফলে জমির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে এবং বর্ষা মৌসুমে পানি জমে কৃষিকাজে মারাত্মক সমস্যা দেখা দেবে। এছাড়া গ্রামের রাস্তার পাশ থেকে মাটি কেটে নেওয়ায় অনেক স্থানে রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এসব কাজ চলছে। মাঝে মধ্যে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সচেতন মহল মনে করছে, দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ না করলে পরিবেশ ও কৃষি ব্যবস্থার ওপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top