২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রে অভিযান, কারাদণ্ড ও জরিমানা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী সদর হাসপাতাল ও সংলগ্ন এলাকায় দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মোট ৬ জন চিহ্নিত দালাল ও তাদের ৭ জন সহযোগীসহ সর্বমোট ১৩ জনকে সনাক্ত করে ১৩টি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে শিপলু (৪৩), বাবু (৩০), আরমান (৩২), ইসরাফিল (৩৩), রফিকুল (৪৭) ও রানামিয়া (৪২)-কে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া পাবেল (৩৫), জুয়েল (৩২), জাহাঙ্গীর (৪৩), বাবুল (৫০), কায়কোবাদ (৫২), দীপক (২৮) ও বিল্লাল (৪৫)-কে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। এসময় র‍্যাব ও পুলিশের সদস্যরা মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযানের ফলে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে রোগী ও সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষ করে সিভিল সার্জন ও আরএমও, এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top