বাড়তি ভাড়া ও ফিটনেস না থাকার অপরাধে রাজবাড়ীতে দুটি বাসকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড

মোঃ আমিরুল হক, রাজবাড়ী  প্রতিনিধি:

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন বাস চলাচলের দায়ে মোঃ মুক্তার হোসেন নামে এক বাসের সুপারভাইজারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বাড়তি ভাড়া নেওয়ার অপরাধে গোল্ডেন লাইন পরিবহনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন।

এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস (লোকাল) থামিয়ে কাগজপত্র যাচাই করা হলে দেখা যায়, বাসটির বৈধ ফিটনেস সনদ ও রেজিস্ট্রেশন নেই। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক পরিবহন আইন অনুযায়ী বাসটির সুপারভাইজারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এছাড়াও বাড়তি ভাড়া নেওয়ার অপরাধে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো যানবাহন সড়কে না নামানোর জন্য বাস মালিক ও চালককে সতর্ক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ শেষে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে যাত্রী চাপ বাড়তে শুরু করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে অভিযানে অংশ নেওয়া কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন বলেন, যাত্রীদের ঝুঁকিতে ফেলে কোনো ফিটনেসবিহীন বাস সড়কে চলতে দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে দুটি বাসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top