ডিমলায় গভীর রাতে মহাসড়কে শতাধিক গাড়িতে ডাকাতি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা ব্যারেজ-জলঢাকা মহাসড়কে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডবে শতাধিক যানবাহন আক্রান্ত হয়েছে। রবিবার (২৯ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার দক্ষিণ ঝুনাগাছ চাপানি এলাকায় এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

ঘটনার পরদিন বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ডাকাতির ভয়াবহতা প্রকাশ পেলে বিষয়টি জনমনে তীব্র আলোচনার জন্ম দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের গতি রোধ করে। পরে অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে অন্তত ৩৫টি মোবাইল ফোন ও প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নেয় তারা। এ সময় কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় এবং চালক-যাত্রীদের মারধরের অভিযোগও উঠেছে।

ভুক্তভোগী কয়েকজন চালক জানান, “ডাকাতরা অস্ত্র উঁচিয়ে গাড়ি থামিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। যারা দ্রুত সাড়া দেয়নি, তাদের গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং নির্বিচারে মারধর করে।”

স্থানীয়রা খবর পেয়ে দলবদ্ধভাবে ঘটনাস্থলে এগিয়ে গেলে ডাকাতরা দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।”

এদিকে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। মহাসড়কে রাত্রীকালীন টহল জোরদার ও দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top