মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি নিজের সঙ্গে তার দুই শিশুপুত্রকে বিষপান করানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তি ও তার দুই সন্তানকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব নামের ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে ‘সাগর’ নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করেন। লাইভে তিনি ব্যক্তিগত হতাশা ও দুঃখের কথা তুলে ধরেন এবং একপর্যায়ে বিষপানের ইঙ্গিত দেন।
প্রতিবেশী ও সম্পর্কে চাচা জুয়েল জানান, মাগরিবের আগ মুহূর্তে রাকিবের ঘর থেকে চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে রাকিব ও তার দুই সন্তান নিবীড় ও আবিরকে ছটফট করতে দেখেন এবং ঘরে বিষের গন্ধ পান। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, লাইভে উল্লেখ করা ‘সাগর’ নামে কোনো ঘনিষ্ঠ ব্যক্তিকে তিনি চেনেন না এবং রাকিবের সঙ্গে এমন কাউকে আগে কখনো দেখেননি। ঘটনার সময় রাকিবের স্ত্রী বাড়িতে ছিলেন না বলেও জানা গেছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ ও ‘সাগর’ নামের ব্যক্তির পরিচয় উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।