১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষার্থীদের ‘লাশের রাজনীতি’র অভিযোগ তুললেন বিএনপি নেতা রাশেদ খাঁন

নিজস্ব প্রতিনিধি:
বিরোধী দল শিক্ষার্থীদের ব্যবহার করে ‘লাশের রাজনীতি’ করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

শুক্রবার (১০ এপ্রিল) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন নিয়ে বিরোধী পক্ষের কারচুপির অভিযোগের সমালোচনা করেন। তার দাবি, এখনো পর্যন্ত এসব অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা গণমাধ্যমে প্রতিবেদন দেখা যায়নি।

রাজধানীর রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের অনশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধী শিবির থেকে কিছু শিক্ষার্থীকে সেখানে অনশনে বসানো হয়েছে এবং তাদের মৃত্যু হলে সরকারকে দায়ী করা হবে—এমন হুমকি দেওয়া হচ্ছে। এ প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকিতে ফেলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে কি না।

রাশেদ খাঁন আরও বলেন, গণঅভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে ক্ষমতা দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। তার মতে, বাংলাদেশ জামায়াতে ইসলামি বিএনপির পতন ঘটিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, যা বাস্তবসম্মত নয়।

তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানে বিএনপি ও জামায়াত উভয়ই একই পক্ষের শক্তি ছিল। তাই একে অপরকে সরিয়ে দিয়ে ক্ষমতায় যাওয়া সহজ নয়। বরং রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাওয়াই দেশের জন্য মঙ্গলজনক হবে বলে মত দেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top