নিজস্ব প্রতিনিধি:
মালয়েশিয়ার পুত্রাজায়ায় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া।
শুক্রবার (১০ এপ্রিল) মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদির-এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রগুলোতে অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আলোচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় বৃত্তির সুযোগ বাড়ানো এবং তাদের সামাজিক একীভূতকরণ উন্নত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপদেষ্টা মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের মানবসম্পদের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো জরুরি। তিনি বৃত্তি ব্যবস্থাকে আরও সুসংগঠিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা, কল্যাণ ও সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় অংশীদারিত্ব জোরদার, একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং যৌথ শিক্ষা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলা সম্ভব।
মালয়েশিয়ার মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদির এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির পরিমাণ বাড়ানোর সম্ভাবনা বিবেচনার আশ্বাস দেন।
বৈঠকে জানানো হয়, বর্তমানে মালয়েশিয়ায় ১১ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে, যারা একাডেমিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উভয় দেশই স্বীকৃত ডিগ্রি, যৌথ প্রোগ্রাম, দূরশিক্ষণ এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে।
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশি প্রতিনিধিদল। এছাড়া দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গেও পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে উভয় পক্ষ শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।