নিজস্ব প্রতিনিধি:
শেরপুরের স্থগিত আসন এবং বগুড়ার উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও সহিংসতার অভিযোগ তুলে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশে তিনি অভিযোগ করেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি দাবি করেন, সাম্প্রতিক এই নির্বাচনের অনিয়ম অতীতের বিভিন্ন বিতর্কিত নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।
তিনি উভয় আসনের নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণার আহ্বান জানান। পাশাপাশি জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নানসহ অন্যান্য নেতারা।
সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।