নিজস্ব প্রতিনিধি:
গণভোটের ফলাফল পূর্ণ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে দেশের উল্লেখযোগ্য অংশের মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে মতামত প্রকাশ করেছে। তবে সরকার সেই রায় বাস্তবায়নে বিলম্ব করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি অবিলম্বে জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের ফল কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর রাজনৈতিক ঐক্যের মাধ্যমে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
সমাবেশে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। কর্মসূচির শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড়সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
একই দাবিতে দেশের বিভিন্ন স্থানেও দলটির উদ্যোগে সমমনা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।