১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে হামলার ঘটনায় জামায়াতের নিন্দা, জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি:

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধিদলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী (ঢাকা মহানগর উত্তর)।

শুক্রবার (১০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে এসব অভিযোগের প্রেক্ষিতে পরিস্থিতি সম্পর্কে জানার জন্য ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল কলেজ অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যায়।

তাদের দাবি, প্রতিনিধিদল কলেজের আর্থিক অনিয়ম, নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি এবং সংশ্লিষ্ট অভিযোগ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রদলের কিছু নেতা-কর্মী, সাবেক শিক্ষার্থী ও বহিরাগতরা সেখানে প্রবেশ করে প্রতিনিধিদলের ওপর হামলা চালায়।

এই হামলায় কয়েকজন আহত হন, যাদের মধ্যে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নেন বলে জানানো হয়। একই সঙ্গে আহতদের বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগ নেওয়ার ঘটনাকে অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

জামায়াত নেতারা এ ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি কলেজের সার্বিক পরিস্থিতি তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন এবং অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top