নিজস্ব প্রতিনিধি:
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুশৃঙ্খল, নিরপেক্ষ ও নকলমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার এক ভার্চুয়াল মতবিনিময় সভায় (জুম প্ল্যাটফর্মে) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর কেন্দ্র সচিবদের সঙ্গে আলোচনায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় মন্ত্রী বলেন, পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি ছড়াতে দেওয়া যাবে না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলায় বিকল্প ব্যবস্থা হিসেবে আইপিএস রাখার নির্দেশ দেন তিনি। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে এসব ব্যবস্থা পর্যবেক্ষণ সহজ করবে বলে উল্লেখ করেন।
নকল প্রতিরোধে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অতীতে শিক্ষকদের সহযোগিতায় পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করা সম্ভব হয়েছিল এবং এবারও সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
খাতা মূল্যায়নের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না। প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ উল্লেখ করে তিনি এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে একটি মেধাভিত্তিক জাতি গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।