নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে বগুড়া ও শেরপুর আসনের নির্বাচনে বিজয়ীদের নাম প্রকাশ করে গেজেট জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
শুক্রবার (১০ এপ্রিল) কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’-এর বিধান অনুযায়ী গত ৯ এপ্রিল অনুষ্ঠিত শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের শূন্য আসনে উপনির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম বাদশা।
গেজেটে নির্বাচিত প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, যেমন পিতা-মাতার নাম ও ঠিকানাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মাধ্যমে সংশ্লিষ্ট আসন দুটির নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো বলে জানিয়েছে নির্বাচন কমিশন।