১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকার খাল পুনর্খননে বড় বাজেট ঘোষণা, ডিএনডি ও জিয়া সরণিতে ১২০০ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর খাল পুনর্খনন ও উন্নয়ন কার্যক্রম জোরদারে বড় অঙ্কের বাজেট বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার কদমতলীতে জিয়া সরণি খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে তিনি জানান, ডিএনডি খাল খনন ও এর দুই পাশে গার্ডওয়াল নির্মাণে ৯০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জিয়া সরণি খাল খনন করে তা বুড়িগঙ্গা নদী-র সঙ্গে সংযুক্ত করতে আরও ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে আগামী জুলাই থেকে প্রকল্পের কাজ শুরু হবে এবং বর্ষা মৌসুম শেষে পূর্ণমাত্রায় খনন কার্যক্রম চালানো হবে। ইতোমধ্যে খাল পরিষ্কারের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজধানীর সব খাল দখলমুক্ত করতে দখলকারীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খালগুলো দখল ও দূষণের কারণে নাব্যতা হারাচ্ছে, যা জলাবদ্ধতার সমস্যা বাড়িয়ে তুলছে।

তিনি অভিযোগ করেন, অতীতে জিয়া সরণি খাল ও সড়কের উন্নয়নে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া শ্যামপুর খাল খনন ও বাঁধ নির্মাণের জন্যও ৯০০ কোটি টাকা বরাদ্দের কথা জানান প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত খাল পরিষ্কার, দখলমুক্ত ও সংস্কারের নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির নেতা তানভীর আহমেদ রবিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top