নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিঁথি। শনিবার (১১ এপ্রিল) তিনি দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ফরম সংগ্রহের পর তিনি জানান, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানাবেন। নড়াইল-২ আসনের জন্য ফরম নেওয়ার কথা উল্লেখ করে তিনি চূড়ান্ত মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় একটি ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হন ফারজানা সিঁথি। শাহবাগ এলাকায় এক সেনা কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল হলে তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
জানা গেছে, তার স্থায়ী নিবাস যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন রুহুল কবীর রিজভী। তিনি জানান, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।