ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো অসুস্থ ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ৩টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।

জানা গেছে, দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাট যাওয়ার পথে সকালে ইউএস বাংলা এয়ার লাইন্স-এর একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমান থেকে নেমে রেস্টরুমে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি।
পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাস সিএমএইচ হাসপাতাল-এ নেওয়া হয়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে তার অসুস্থতার খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে সৈয়দপুরে ছুটে আসেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার পরামর্শে প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।

পরে পরিস্থিতি বিবেচনায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তাকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

স্থানীয় বিএনপি নেতা শাহিন আকতার জানান, চিকিৎসকদের পরামর্শ ও মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়েই শেষ পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top