নিজস্ব প্রতিনিধি:
ক্ষমতায় এসে বিএনপি জনগণের স্বার্থ ও প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন অধ্যাদেশকে আইনে পরিণত করা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের বিষয়ে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন করা হয়নি। তার মতে, রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের ফল কখনো ভালো হয় না।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সংস্কার বাস্তবায়নে প্রয়োজনে গণআন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, দেশের ইতিহাসে শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৪৭ সালের আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণআন্দোলনে শ্রমিকদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
বর্তমান সরকারকে সমালোচনা করে তিনি বলেন, শ্রমিকদের ত্যাগের ওপর ভিত্তি করে ক্ষমতায় এলেও অল্প সময়ের মধ্যেই তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হওয়াকেও তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ হিসেবে উল্লেখ করেন।
তার ভাষায়, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে ক্ষমতায় থাকার এই প্রবণতা দেশের জন্য উদ্বেগজনক এবং তা পরিবর্তনে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হবে।