নিজস্ব প্রতিনিধি:
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং অধিকার আদায়ে আর কোনো ছাড় দেওয়া হবে না।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ শেরপুর-৩ আসনের নির্বাচনি সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের রাজনীতিতে সহিংসতা নতুন নয়, তবে সাম্প্রতিক ঘটনাগুলো উদ্বেগজনক। জুলাই মাসে বহু মানুষের প্রাণহানির পর রাজনৈতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তনের আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
শেরপুর ও বগুড়ার সাম্প্রতিক নির্বাচনে অনিয়ম, জালিয়াতি ও সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, কিছু ক্ষেত্রে তা ভয়াবহ সন্ত্রাসের রূপ নিয়েছে। শেরপুর-৩ আসনের ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী এবং ব্যবস্থাপনার ঘাটতি জনগণের প্রতি অবিচারের ইঙ্গিত দেয়।
সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, অতীতে জাতীয় সংসদে জনকল্যাণের চেয়ে রাজনৈতিক বিরোধ ও ব্যক্তিগত আক্রমণ বেশি গুরুত্ব পেয়েছে। জনগণের করের টাকায় পরিচালিত সংসদে সময় ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে প্রণীত আইনগুলোর প্রতি সরকার ও বিরোধী—উভয় পক্ষেরই সম্মান থাকা উচিত।
এ সময় স্থানীয় সংসদ সদস্যসহ জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।