নিজস্ব প্রতিনিধি:
জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন করায় সমালোচনার মুখে পড়া নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা শাখার অধীন গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে।
জানা গেছে, রোববার বিকেলে মাসুদ রানা প্রামাণিক অর্ধশতাধিক প্রাইভেটকার ও মাইক্রোবাস নিয়ে একটি শোডাউন করেন। এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং বিষয়টি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেন নেতাকর্মীরা।
স্থানীয়ভাবে এই শোভাযাত্রা নিয়ে নানা প্রশ্নও উঠেছে। শোডাউনের ব্যয়, অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশা নিয়ে বিভিন্ন আলোচনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে মাসুদ রানা প্রামাণিক ফেসবুক লাইভে এসে দাবি করেন, শোডাউনে ব্যবহৃত গাড়িগুলো সিএনজি ও এলপিজি চালিত ছিল এবং ‘রেন্ট-এ-কার’ থেকে নেওয়া হয়েছিল। তার ভাষায়, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করছে।