মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে এক নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি, যৌন নিপীড়ন এবং তার সঙ্গে থাকা এক ডেলিভারি কর্মীকে মারধরের ঘটনায় রিফাত (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে মুরাদনগর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিফাত মুরাদনগর সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার মো. রফিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে ওই নারী উদ্যোক্তা ও তার সঙ্গে থাকা এক ডেলিভারি কর্মীর সঙ্গে কয়েকজন কিশোরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তর্কাতর্কি হাতাহাতিতে রূপ নেয়।
এ সময় অভিযুক্তরা ওই নারীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে এবং তার সহকর্মীকে মারধর করে। পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
ঘটনার পর ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার ওসি মাসরুরুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।